সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের সর্বোচ্চ শাস্তির উদ্যোগ
সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে বিশেষ ক্ষমতা আইন ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বিলিয়পা মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূলে সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, “আমি নিশ্চিতভাবে বলছি, যারা সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সন্ত্রাস কায়েম করেছিল তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এসব অপরাধীদের বিচারে বিশেষ ক্ষমতা আইন ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “বিশেষ ক্ষমতা আইনে বিচার হলে এ বিচার দ্রুত হবে এবং অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাবে। তাই আমরা চেষ্টা করছি এই মামলাগুলো দ্রুত বিচারিক আদালতে নেয়ার।”
দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূলের জন্য জনগণকেও এগিয়ে আহ্বান জানান আনিসুল হক।
তিনি বলেন, “সরকার শুধু বিচার করলে হবে না। এসব সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে, প্রতিরোধ করতে হবে।
‘প্রয়োজনে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ছেলে-মেয়েদের সঙ্গে নিজেদের ছেলে-মেয়ের বিয়ে’ না দেয়ারও আহ্বান জানান তিনি।
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরও আলোচনায় অংশ নেন।
বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার সমালোচনা করে এবিএম খায়রুল হক বলেন, “আমাদের দেশে ২৮ লাখ মামলা জমে রয়েছে। আর বিচারক মাত্র এক হাজার ৭০০ জন, যা দিয়ে কোনোভাবেই বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব নয়।”
দেশে যে আইন আছে তা ‘কার্যকর’ হলে সাম্প্রদায়িক সন্ত্রাস নির্মূল করা সম্ভব বলেও মনে করেন তিনি।
সাবেক প্রধান বিচারপতি বলেন, “আমাদের একাউন্টিবিলিটির অভাব আছে। বড় বড় ক্রিমিনালরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আবারো ভুক্তভোগীকে হুমকি দেয়, স্টে অর্ডার নিয়ে আসে। ক্রিমিনালরা হিরো হলে এরকম হিরোর সংখ্যা আরো বাড়বে।”
এজন্য দেশে বিদ্যমান সব আইন ‘কার্যকর’ করার জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।
বাংলাদেশের তদন্ত সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেন এবিএম খায়রুল হক।
তিনি বলেন, “আমাদের তদন্তকারীরা এমনভাবে রিপোর্ট জমা দেন যে, কোনো জাজের সাধ্য নেই কিছু বলার। এজন্য তদন্ত সংস্থাগুলোকে দায়বদ্ধতার জায়গায় আনতে হবে।”
