২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেকের সাবেক পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

ওষুধ কেনায় প্রায় সোয়া তিন কোটি দুর্নীতির মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালকসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোম্পানির দরের চেয়ে দ্বিগুণ দামে এসব ওষুধ কেনা হয় বলে দুদকের তদন্তে বেরিয়ে এসেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 06:19 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রে হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার এম এ লতিফ, উপপরিচালক আবুল কালাম, ওষুধ সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ফাইম মেডিকেল হলের মালিক মতিউর রহমান, এসিআইয়ের বিক্রয় প্রতিনিধি শেখ মোহাম্মাদ আলী, স্কয়ারের বিক্রয় প্রতিনিধি আনিছুর রহমান, জেসনের বিক্রয় প্রতিনিধি শহিদুল আলম, একমির বিক্রয় প্রতিনিধি এম এ মান্নান ও রফিকুল ইসলাম এবং রেনেটার বিক্রয় প্রতিনিধি রবিউল হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী উপপরিচালক কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৯-১০ অর্থবছরে ১২৫ ধরনের ওষুধ কেনা হয়। এর মধ্যে ১৫ ধরনের ওষুধ সরবরাহ করে ফাইম মেডিকেল হল।

দুর্নীতির মাধ্যমে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে সর্বোচ্চ দরদাতা ফাইম মেডিকেলের কাছ থেকে এসব ওষুধ নেয়া হয়। সর্বনিম্ন ও সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের প্রস্তাবে ওষুধের দামে প্রায় দ্বিগুণ ব্যবধান ছিল।

“এতে সরকারের তিন কোটি ২৭ লাখ ১৮ হাজার ৭১৮ টাকা ক্ষতি হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে”, বলেন দুদক কর্মকর্তা আবু বকর।

তিনি বলেন, হাসপাতালের এই দুর্নীতির বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে ২০১২ সালের ২৪ ডিসেম্বর দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ রাজপাড়া থানায় মামলা করেন।

মামলায় আট জনকে আসামি করা হলেও তদন্ত শেষে দুর্নীতিতে নয় জনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

উপপরিচালক নজরুল ইসলাম বলেন, দুর্নীতির মাধ্যমে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ওষুধ কেনার অনুমতি দেয়ায় হাসপাতালের সাবেক পরিচালক ও উপপরিচালক এবং কোম্পানির দরের চেয়ে দ্বিগুণ দামের ভাউচার দাখিল করায় ঠিকাদার ও কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।