২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুকে খুনের দায়ে ফাঁসি

চট্টগ্রামে বন্ধুকে খুনের দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 01:43 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারেক আহমেদ বৃহস্পতিবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ইদ্রিস আলম বাবুল নগরীর বাকলিয়া থানাধীন ফিরোজ শাহ সড়কের বাসিন্দা।

হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি মনির হোসেন, আব্দুর রউফ ভুট্টু ও আলী আজম অশ্রুকে খালাস দিয়েছেন বিচারক।

২০১২ সালের ২০ জুলাই খুন হন নগরীর বায়েজিদ থানার বক্সনগরের বাসিন্দা আফসার হোসেন শামীম (৩২)। তিনি চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

শামীমের বাবা মোজাম্মেল হক ছিলেন হাই কোর্টের মুহুরি। তাদের বাড়ি হাতিয়ায়।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বাবুলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রায় ঘোষণার পর বাবুলকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

আইয়ুব খান জানান। একসঙ্গে না পড়লেও শামীম ও বাবুল ছিলেন বন্ধু। তারা একসঙ্গে ছোটখাট ব্যবসাও করতেন। ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরেই শামীমকে হত্যা করা হয়।

মামলার নথিতে বলা হয়, ২০১২ সালের ২০ জুলাই চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নিজের বাসা থেকে মোটর সাইকেলে করে বন্ধু বাবুলের বাসায় দাওয়াত খেতে যান শামীম। দুই দিন পর রাউজান উপজেলার বদুপাড়া এলাকায় শামীমের বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় গ্রাম পুলিশ বাদল রায় বাদি হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

কিন্তু এর পরের দুইদিন মোবাইলে ফোন করে শামীমের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে মনির হোসেন, আব্দুর রউফ ভুট্টু ও আলী আজম অশ্রুকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ইদ্রিস আলম বাবুলকে।

বাবুল পুলিশের কাছে স্বীকার করেন, দাওয়াত দিয়ে বাসায় নিয়ে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শামীমকে অজ্ঞান করেন তিনি। তারপর গলা টিপে তাকে হত্যা করে বস্তায় লাশ ভরে রাউজানে ফেলে রেখে আসেন।

পরে বাবুলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে শামীমের মোবাইল ফোন এবং পটিয়ায় তার খালার বাড়ি থেকে শামীমের মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৩ সালের ২৬ জুন অভিযোগ গঠন করে আদালত।

২১ জন সাক্ষীর জবানবন্দি শুনে রায় দিল আদালত।