২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশী বাধার মধ্যে গণসংহতির বিক্ষোভ

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 10:44 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যায়। মিছিলের সামনে দুই স্তরে ছিল পুলিশের পাহারা।

মিছিলটি প্রেস ক্লাবের পূর্ব পাশের রাস্তার মুখে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। এসময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের বাধা উপক্ষো করে মিছিলকারীরা এগোতে চাইলে ধাক্কাধাক্কি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সমাবেশে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, মহাজোট সরকার বিদ্যুতের দাম কমানোর কথা বললেও তারা কথা রাখেনি।

“প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী একজন মুক্তিযোদ্ধা হয়েও জ্বালানি সংকটকে আরো গভীর করে দেশদ্রোহীর মতো ভূমিকা পালন করছেন।”

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবুল হাসান রুবেল ও মহানগর নেতা আবু বকর রিপন।