‘সুজনের বদিউল নিরপেক্ষ নন’
নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ডে শীর্ষ বেসরকারি সংস্থা সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার রাজাপুর সফরে গিয়ে প্রথম আলোর কলামনিস্ট ও সুজন নেতা বদিউল এক জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ করার পর স্থানীয় আওয়ামী লীগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
‘জামায়াতের আতিথেয়তায় সুশীল বদিউল’ শিরোনামে উপজেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এর মাধ্যমে নিরপেক্ষ সুশীল সমাজ নামধারীদের মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে এবং সুশীলের ছদ্মবেশে এরা প্রকারান্তরে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে কাজ করছে।”
মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কমিটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও ভোটারদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সুজন নেতা বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠান শেষে তিনি সুজনের কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন রাজাপুর উপজেলা সুজনের সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামালের বাড়িতে। কামালের বড় ভাই সৈয়দ এনায়েত হোসেন জামায়াতের রোকন।
ভোজের সময় এনায়েত উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সৈয়দ হোসাইন আহমেদ কামাল বলেন, “সুজনের উপজেলা কমিটির অর্থায়নে আমাদের বাড়িতে দুপুরের খাওয়ার আয়োজন করা হয়।”
বদিউল আলম মজুমদার (ফাইল ছবি)
এ বিষয়ে বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিতো অন্য কারো বাড়িতে যাই নি। আমি গিয়েছি সুজন সম্পাদকের বাড়িতে। কে তার বাপ, ভাই তা তো আমি জানি না।
“আমরাতো খাবার খেয়েছি। আমরাতো কারো পক্ষে কিছু করিনি।
“অনেকেই প্রশ্ন করতে পারেন তবে দেখতে হবে আমরা যে অনুষ্ঠান করেছি সেটা নিরপেক্ষ হয়েছে কি না।”
উপজেলা আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে এনায়েতের ভাই কামাল বলেন, “এটা আমাদের হেয় করার জন্য অপচেষ্টা।”
ভাই আগে জামায়াতের রোকন ছিল দাবি করে কামাল বলেন, “আগের পাপের ফল এখন ভোগ করতে হচ্ছে।”
৬ আইনজীবী ও বদিউল আলম অ্যামিচি কিউরি
