২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে উদ্ধার যুবকের লাশের পরিচয় মিলেছে

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 06:23 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার বেলাইচণ্ডি ইউনিয়নের বান্নিরহাট এলাকা থেকে মঙ্গলবার সকালে নজমুল আলম নজুর (২৮) লাশ উদ্ধার করে। তিনি রংপুর সিটি কর্পোরেশনের পীরজাবাদ এলাকার প্রয়াত ইয়াকুব আলীর ছেলে।

থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, “লাশের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।”

নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, “গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বাড়ির সামনে থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি নজুকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার কোনো সন্ধান মিলছিল না। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলাও করি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি।  মঙ্গলবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ সনাক্ত করি।”

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “নজুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।”