পাবনায় দরপত্রের লটারিতে হামলা
পাবনায় দরপত্রের লটারিতে কাজ না পেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
বুধবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ ট ম ফারুক আল মারুফ বলেন, সকাল ১১টায় প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকার ৩০টি গ্রুপের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়। লটারি কমিটির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের নেতৃত্বে কার্যক্রম শুরু হলে কয়েকজন ঠিকাদারের লোকজন বাধা দিয়ে কাজ ভাগ বাটোয়ারার প্রস্তাব দেয়।
“তাদের প্রস্তাব উপেক্ষা করে লটারির কার্যক্রম সম্পন্ন ও তাদের মনোনীত ঠিকাদাররা কাজ না পাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দরপত্রের কাগজপত্র ছিড়ে ফেলে এবং ওই অফিসে ভাংচুর চালায়।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ ঠিকাদার অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ ভাংচুর চালিয়েছে।
তারা বলেন, জেলা ছাত্রলীগের দুজন নেতার নেতৃত্বে লটারি কার্যক্রমে বাধার সৃষ্টি করে অফিসে ভাংচুর চালায় তারা। এ সময় অফিস এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে লটারি কমিটির প্রধান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লটারি কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। তবে কাজ না পাওয়া কিছু ঠিকাদারের লোকজন বিশৃংখলার চেষ্টা চালালে পুলিশ তা নিয়ন্ত্রণ করে।
জেলা ছাত্রলীগ সভাপতি খন্দোকার শরীফ আহমেদ ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো টেন্ডারবাজির সঙ্গে ছাত্রলীগ জড়িত নাই। তবে শুনেছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দরপত্রের লটারি কেন্দ্র করে ঠিকাদারদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।”
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু উশৃংখল ছেলে লটারিতে বাধার চেষ্টা করলে পুলিশ তা নিয়ন্ত্রণ করে। তবে তারা ছাত্রলীগের কিনা আমার জানা নেই।”
