২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রী নিতে পারবে না সৌদির নাস এয়ার

অব্যবস্থাপনায় যাত্রী ভোগান্তির কারণে এবার হজযাত্রী পরিবহনের অনুমতি পাচ্ছে না সৌদি আরবের ন্যাশনাল এয়ার সার্ভিস (নাস)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 05:50 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে দেখা করে নাস এয়ারের মাধ্যমে হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিলে মন্ত্রী তা নাকচ করে দেন।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে মেনন সাংবাদিকদের বলেন, “আমরা দেখেছি এ বিমান সংস্থাটির কারণে আমাদের হজযাত্রীদের অসুবিধা হয়। নাস এয়ার নিয়ে অনেক অভিযোগও আছে।”

তবে এয়ারলাইনসটি ওমরাহযাত্রী পরিবহনের আবেদন করলে অনুমতির বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান বিমানমন্ত্রী।

তিনি বলেন, “হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসকেই আমরা চাই। এদের নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। তাছাড়া এবার কোনো থার্ড ক্যারিয়ারও থাকছে না।”

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নাস এয়ারলাইনসের অব্যবস্থাপনার কারণে ২০১১ সালে বিপাকে পড়েন হজযাত্রীরা। তাদের অব্যবস্থাপনার কারণে বাংলাদেশি হাজীদের জেদ্দা বিমানবন্দরের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কেউ কেউ তিন দিন পর্যন্ত বসে থাকেন ফ্লাইটের জন্য।

নাসের উড়োজাহাজে ঢাকায় পৌঁছার পরেও হাজীদের ভোগান্তি পড়তে হয়। অনেকে লাগেজ খুঁজে পাননি।

পরের বছরও বাংলাদেশের সাড়ে ১৬ হাজার হজযাত্রী পরিবহনের দায়িত্ব পায় নাস। তখনো হজযাত্রীরা একই ধরনের ভোগান্তির শিকার হন।

এবছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের এক লাখ এক হাজার মানুষ হজ করবেন।

পর্যটন বছর

সরকার আগামী বছরকে ‘পর্যটন বছর’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এজন্য প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের কিছু ইন্টারনাল সমস্য ছিল। এখন অভ্যন্তরীণ পর্যটক বেড়েছে। কিন্তু বিদেশিদের আগমন এখনো পর্যাপ্ত নেই। বিদেশিদের আনার জন্য কিছু প্রোগ্রাম নিচ্ছি।”

বিদেশি পর্যটক আকর্ষণে লন্ডনের ক্যাটারার অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও (এমওইউ) সই হয়েছে বলে জানান মন্ত্রী।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চীনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।