মারা গেছেন প্রবাসী ব্যান্ডশিল্পী রাসেল ঠাকুর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী ব্যান্ড সঙ্গীত শিল্পী রাসেল ঠাকুর।
স্থানীয় সময় সোমবার ভোররাতে মারা যাওয়া রাসেলের বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উর্দ্ধতন কর্মকর্তা কাইয়ুম ঠাকুরের বড় ছেলে তিনি।
পরিবার সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন অবকাশ কাটিয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগে স্ত্রী সহ ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য থেকে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নিজ বাসায় ফেরেন রাসেল। এরপরই বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন তিনি।
সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে কুইন্স হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাসেলকে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়্যাল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
রাসেল যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৯২ সালে এবং বিয়ে করেন ১৯৯৯ সালে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া চৌধুরী, ফোবানার আহবায়ক হাসানুজ্জামান হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ লীগ অব আমেরিকার সেক্রেটারী আব্দুল কাদের চৌধুরী শাহীন, সাংস্কৃতিক সংগঠক আলমগীর খান আলম প্রমুখ।
