২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর মামলায় পুনরায় যুক্তিতর্ক শুরু

রায়ের জন্য অপেক্ষমান তালিকায় চলে যাওয়া মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন পুনরায় শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 12:01 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নতুন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোমবার প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।

এর আগে গত ১৩ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় তাদের লিখিত যুক্তিতর্ক জমা দিতে বলে এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল ট্রাইব্যুনাল।

তখন এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি এ টিএম ফজলে কবীর। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

এরপর গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি ইনায়েতুর রহিম এই ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর ফের যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত নেয়।

সে আদেশ অনুযায়ী জামায়াতে ইসলামীর আমির নিজামীর মামলায় সোমবার যুক্তিতর্ক শুরু করেন প্রসিকিউটর মোহম্মদ আলী। কারাগার থেকে আসামিকেও এদিন আদালতে আনা হয়।

মুক্তিযুদ্ধের সময় নিজামীর ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালনের কথা উল্লেখ করে প্রসিকিউটর বলেন, “বর্তমান বিশ্বে ইসলামী ছাত্রশিবির তৃতীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ইসলামী ছাত্রশিবির রূপান্তরিত হয়েছিল ইসলামী ছাত্রসংঘ থেকে।

“১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আলবদররা যে অপরাধ করেছে তা মতিউর রহমান নিজামী কিভাবে অস্বীকার করেন? অপরাধ অস্বীকার করার কোনো সুযোগ নেই তার।”

’৭১ এ জামায়াতের সঙ্গে পাকিস্তানি সামরিক সরকারের সম্পৃক্ততা তুলে ধরে তার সপক্ষে বিভিন্ন দলিল উপস্থাপন করেন মোহম্মদ আলী।

তিনি পাকিস্তানের লাহোরের ‘তালবা’ প্রকাশনী থেকে প্রকাশিত ‘আলবদর’ ও ‘দি ভ্যানগার্ড অব ইসলামী রেভ্যুলেশন’ বই থেকেও উদ্ধৃতি দেন।

এসময় বিচারপতি ইনায়েতুর রহিম প্রসিকিউটরের কাছে তালবা প্রকাশনীর বিষয়ে বিস্তারিত ধারণা রয়েছে কি না জানতে চাইলে মোহম্মদ আলী তার অজ্ঞতা প্রকাশ করেন।

মামলায় প্রসিকিউশনের ১৩তম সাক্ষী শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ২৩তম সাক্ষী সালমা হকের সাক্ষ্য উল্লেখ করে প্রসিকিউটর বলেন,আলবদর বাহিনী দেশের অনেক বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। এর দায়ও নিজামী এড়াতে পারেন না।

শুনানিতে তুরিন আফরোজসহ ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে ছিলেন মিজানুল ইসলাম, তাজুল ইসলাম, নিজামীর ছেলে নাজিব মোমেন প্রমুখ।

ট্রাইব্যুনাল-১ এ অন্য একটি মামলার শুনানি থাকায় মধ্যাহ্ন বিরতির পর মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে ট্রাইব্যুনাল।