৫৯ হাতবোমাসহ গ্রেপ্তার জগন্নাথের ছাত্র
পুরান ঢাকার বাংলাবাজারে এক বইয়ের দোকান থেকে ৫৯টি হাতবোমাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে আবুল হাসান (২৪) নামে ওই শিক্ষার্থীকে বোমাসহ গ্রেপ্তার করা হয় বলে সূত্রাপুর থানার ওসি মো. খলিলুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাবাজারের নর্থব্রুক রোডের ইমায়েত বইয়ের দোকানে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী হাসান নিজেই ওই দোকানটি চালাতেন বলে ওসি জানান। হাসান ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলেও দাবি করেন তিনি।
হাসানকে গ্রেপ্তারের আগে পুরানা পল্টনের একটি ভবনের সপ্তম তলা থেকে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্যে বাংলাবাজার থেকে হাসানকে বোমাসহ গ্রেপ্তার করা হয় বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এদিকে ‘গোপন’ বৈঠকের সময় রাজধানীর ইব্রাহিমপুরে জামায়াতে ইসলামীর কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁ রোডের এক বাড়ির তৃতীয় তলা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবু সাদেক (৫৫), আব্দুল আউয়াল (৫৩), মাহবুবুর রহমান ভূইয়া (৫১) ও বোরহান আলী (৫২)।
