২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি শহরে জেএসএস সমর্থক গুলিবিদ্ধ

দীঘিনালায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামকর্মী নিহত হওয়ার কয়েকঘণ্টার মধ্যে রাঙামাটি শহরে এ জেএসএস সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 11:07 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রেবাববার সন্ধ্যায় রিজার্ভ বাজারে এ হামলায় আহত হন জ্ঞান জ্যোতি চাকমা (৪৫)। আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্দুকধারীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী সুদৃষ্টি চাকমা (৩০) নিহত এবং একজন আহত হন।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি ইমতিয়াজ সোহেল জানান, গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পুলিশ ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থল থেকে ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রিজার্ভ বাজারের সৈকত বোর্ডিংয়ের পাশে জ্ঞান জ্যোতি চাকমা তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন।

এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা গুলি করলে তার পিঠে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জ্ঞান জ্যোতি চাকমা জেলার জুরাছড়ি উপজেলায় বনযোগী ছড়ার নাগরচান চাকমার ছেলে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা গুলিবিদ্ধ জ্ঞান জ্যোতি চাকমাকে একজন সক্রিয় সমর্থক দাবি করে এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেন।

তবে ইউপিডিএফের মূখপাত্র মাইকেল চাকমা এ ঘটনায় জড়িত থাকার অস্বীকার করেছেন।