২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কার্গো ডুবি

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী কার্গো ডুবে গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 10:49 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে চরবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনায় যাত্রীবাহী লঞ্চটিও তলা ফেলে বিকল হয়ে গেছে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার জানান, প্রায় ৮ থেকে ৯শ’ যাত্রী নিয়ে রাত পৌনে ৯টার দিকে ঢাকার উদ্দেশে বরিশাল নৌবন্দর ত্যাগ করে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-৭।

লঞ্চটি চরবাড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীতগামী একটি কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়।

“এতে কার্গোটি ডুবে যায় এবং লঞ্চের পিছনের অংশের তলা ফেটে যায়।”

আবুল বাশার আরো জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লঞ্চটিকে দ্রুত নদীর পূর্বপ্রান্তে একটি চরে উঠিয়ে দেন চালক।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছেছেন। লঞ্চের যাত্রীদের নিরাপদে সড়িয়ে নেয়া হচ্ছে।

ডুবে যাওয়া কার্গো কর্নফুলী-৫ এর লস্কর জাহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে একটি লঞ্চের সঙ্গে সংঘর্ষে তাদের কার্গোটি ডুবে যায়।

তবে কর্গোতে থাকা ১১জনই তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানান জাহিদুল।