২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর ১১ খুনের মামলায় বাদির ভাইকে জেরা শেষ

বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলার বাদির ছোট ভাই নির্মল শীলকে আসামি পক্ষের জেরা শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হ্লা মংয়ের আদালতে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে আলোচিত এ মামলায় বাদি বিমল শীলসহ পাঁচজনের সাক্ষ্য নেয়া শেষ হয়েছে।

গত ২ মার্চ আসামি পক্ষের আইনজীবীর অনুপস্থিতির কারণে নির্মল শীলের জেরা হয়নি।

আগামী ১৬ মার্চ মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান পিপি আবুল হাশেম।

গত ২৪ ফেব্রুয়ারি এই আদালতে সাক্ষ্য দেন নিহতদের পরিবারের সদস্য ও মামলার বাদির ছোট ভাই নির্মল শীল।

আদালতে দেয়া সাক্ষ্যে তিনি বলেছিলেন, জমি দখলের জন্যই পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দিয়ে শিশুসহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।

২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে এক পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

২০০৩ সালের ১৮ নভেম্বরে রাতে ঘটনার পর তেজেন্দ্র শীলের ছেলে বিমল শীল বাদি হয়ে মামলা করেন।

সাত তদন্ত কর্মকর্তার হাত ঘূরে অষ্টম তদন্তারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু ২০০১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

এরপর ওই বছরের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এতে ডাকাতির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, খুন ও লুটতরাজের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

কিন্তু রাষ্ট্রপক্ষ ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আগের অভিযোগ বাদ দিয়ে আসামি আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ গঠনের আবেদন জানায়।

এরপর ওই বছরের ১৯ এপ্রিল এ হত্যা মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে আদালত।

তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এ মামলার আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।

এরপর বাদির আবেদনে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

নির্ধারিত সময়ে সেখানে নিষ্পত্তি না হওয়ায় মামলাটি আবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফেরত আসে ২০১৩ সালের নভেম্বরে।