২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে অগ্নিকাণ্ড, দোকান-বসতবাড়ি ভস্মীভূত

কক্সবাজারের রামু উপজেলায় আগুনে পুড়েছে ছয় ব্যবসা প্রতিষ্ঠান ও চার বসতবাড়ি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 05:21 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার বেলা ১২টার দিকে চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় রামু গার্লস হাই স্কুলের সামনে এ অগ্নিকাণ্ডে তিন জন আহত হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে মুবিন টেলিকম, ফুল বিতান, হার্ডওয়ারের দোকান, টিনের দোকান, লাইব্রেরি ও পানের দোকান পুড়ে গেছে। এছাড়া রুহুল আমিন, ছুরত আলম, মো. শামসু, আহাম্মদ হোছনের বসতঘর ভস্মীভূত হয়েছে।

বইমেলা লাইব্রেরির মালিক মো. আকতার জানান, রুহুল আমিনের বসত বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা চারিদিকে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসরেন আশ্বাস দিয়েছেন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল।