শ্রীপুরে প্রার্থী আটকের খবরে মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীকে র্যাব ধরে নিয়ে যাওয়ার খবরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তার কর্মী-সমর্থকরা।
শ্রীপুর থানার ওসি আমীর হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিলের সমর্থকদের বিক্ষোভে শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে স্থানীয় সাংসদ মো. রহমত আলীকে সঙ্গে নিয়ে জলিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমর্থকদের সরিয়ে নিলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যান চলাচল শুরু হয় বলে মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান।
তিনি বলেন, অবরোধ বিক্ষোভের কারণে সড়কের দুই দিকে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। শ্রীপুরে মহাসড়কে যুক্ত বিভিন্ন সংযোগ সড়কেও বিক্ষোভ করেন জলিলের সমর্থকরা।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জলিলের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মো. নুরুন্নবী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার র্যাবের পক্ষ থেকে বেশ কয়েকবার ফোন করে জলিল সাহেবকে শিমুলতলী ক্যাম্পে দেখা করতে বলা হয়। কিন্তু নির্বাচনী ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি।
“আজ দুপুরে জুমার নামাজ শেষে শ্রীপুরের বরমি এলাকায় গণসংযোগ চালানোর সময় সাধারণ পোশাকের কয়েকজন লোক এসে র্যাব পরিচয় দিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যায়।”
এ খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক সমর্থক মাওনা এলাকায় সড়কে অবস্থান নিয়ে শুরু করে।
নুরুন্নবী বলেন, “জলিল সাহেবকে নিয়ে র্যাব পরিচয় দেয়া ওই ব্যক্তিদের গাড়িটি টঙ্গী ব্রিজের কাছে পৌঁছালে সংসদ সদস্য রহমত আলী ফোন করে তাকে ছেড়ে দিতে বলেন। এরপর বিকাল ৫টার দিকে গাজীপুর জেলা শহরের এসপি কার্যালয়ের পাশে তারা জলিল সাহেবকে নামিয়ে দিয়ে চলে যায়।”
এরপর বিক্ষুব্ধ জনতাকে থামাতে জলিল সাংসদ রহমত আলীকে সঙ্গে নিয়ে মাওনা চৌরাস্তায় যান বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে র্যাব-১ এর শিমুলতলী ক্যাম্পের সহকারী পরিচালক জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অবশ্য র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ বলেন, “জমি সংক্রান্ত বিষয়ে তথ্যের জন্য এর আগে আবদুল জলিলকে ডাকা হয়েছিল। আজকের বিষয়টি আমার জানা নেই।”
আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় শ্রীপুর উপজেলা নির্বাচেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়েছেন ইকবাল হাসান সবুজ। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমর্থক হিসাবে পরিচিত।
আর দলের মতের বাইরে গিয়ে থানা আওয়ামী লীগের একাংশের সমর্থনে আবদুল জলিল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি স্থানীয় সাংসদ মো. রহমত আলীর সমর্থক হিসাবে পরিচিত।
নুরুন্নবী অভিযোগ করেন, মন্ত্রীর নির্দেশেই র্যাব জলিলকে আটক করেছিল।
