ডিসিসি নির্বাচনের খবর নেই ইসিতে
স্থানীয় সরকারের উপজেলা নির্বাচন সময় মতো করলেও দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের কোনো প্রস্তুতি নেই নির্বাচন কমিশনে।
রাজধানীর দুই সিটি কর্পোরেশন গঠনের দুই বছর পেরিয়ে গেলেও তা এখনো চলছে অনির্বাচিত সরকারি কর্মকর্তাদের পরিচালনায়।
সম্প্রতি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি দেখার প্রত্যাশা জানিয়ে ঢাকা সিটি কর্পোরেশনে তা না থাকায় উষ্মা প্রকাশ করেন।
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সিটি কর্পোরেশনে নির্বাচন কবে হবে, সেই প্রশ্ন ওঠে সংসদেও। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন কমিশনকে দেখিয়ে দেন।
এই নির্বাচন কবে হবে- জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক
বুধবার বলেন, “নিকট সময়ে আশা নেই। যখন উপযুক্ত সময় হবে, তখনি আমরা এ নির্বাচনের তফসিল ঘোষণা করব।”
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের অনুপস্থিতিতে কমিশনের মূল দায়িত্ব পালন করছেন মোবারক।
ঢাকা সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালে। ওই ভোটে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। ২০০৭ সাল তার মেয়াদ শেষ হয়।
এরপর এটিএম শামসুল হুদা নেতৃত্বাধীন তৎকালীন ইসি দুই দফা ভোটের উদ্যোগ নিলেও আইনি জটিলতায় তা আটকে যায়, মেয়াদ শেষে যাওয়ার সময় এই নির্বাচন করতে না পারার হতাশাও প্রকাশ করে যান তারা।
এর আগেই ২০১১ সালের ৩০ নভেম্বর ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর নামে দুই সিটিতে ভাগ হয় ডিসিসি, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিএনপির দাবি। এরপর থেকে অনির্বাচিত প্রশাসক ঢাকার দুই নগর কর্তৃপক্ষে।
কাজী রকিবউদ্দীন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেয়ার পর ২০১২ সালে কোটি মানুষের এই দুই নগরীতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আইনি জটিলতায় তা আটকে যায়। ঘোষিত তফসিল অনুযায়ী ২০১২ সালের ২৪ মে নির্বাচন হওয়ার কথা ছিল।
২০১৩ সালের মে মাসে নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ উঠে গেলে নতুন করে তফসিল ঘোষণার উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি নতুন ওয়ার্ড যুক্ত হওয়ায় সীমানা জটিলতায় নির্বাচন আবারো ঝুলে যায়।
সীমানা নিয়ে জটিলতা নিরসনে এরপর স্থানীয় সরকারের পরামর্শ চায় তারা। কিন্তু তাতেও ইতিবাচক সাড়া পায়নি ইসি।
সিইসি ইতোমধ্যে বলেছেন, স্থানীয় সরকার বিভাগ সীমানা পুননির্ধারণ সম্পন্ন করলেই ভোটে উদ্যোগী হবেন তারা।
