শ্রীমঙ্গলে স্কুলছাত্র হত্যার বিচার দাবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্কুলছাত্র মো. আশরাফুল ইসলামের হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনের সড়কে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়।
গত রোববার দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আশরাফুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, প্রিন্সিপাল মহিউদ্দিন আহমেদ, শিক্ষক প্রণজিত ঘোষ শেবু, অভিবাবক মিলন দাশ গুপ্ত, বেলায়েত হোসেন ও সাংবাদিক আমিরুজ্জামান।
মানবন্ধন শেষে তারা আশরাফুল হত্যাকারীর ফাঁসির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে স্মারক লিপি প্রদান করেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার (২ মার্চ) বিকালে আশরাফুল ইসলামকে তার চাচা (বাবার চাচাত ভাই) ও গৃহশিক্ষক মাহফুজুর রহমান মৌলভীবাজারে কনসার্ট দেখার কথা বলে রাজনগর উপজেলার কোনাগাঁও গ্রামের একটি বাড়িতে আটকে রাখে।
সেখান থেকে ফোন করে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু টাকা না পেয়ে তাকে শ্বসরোধ করে হত্যা করে।
ওই রাতেই সাড়ে ১১টায় শ্রীমঙ্গল থানা পুলিশ কোনাগাঁও গ্রামে মনু নদীর পাড় থেকে আশরাফুলের লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, এ ঘটনায় গৃহশিক্ষক মাহফুজুর রহমানকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়। তিনি আশরাফুলকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আশরাফুলের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামে। তার পরিবার শ্রীমঙ্গল উপজেলা সদরের উত্তরা আবাসিক এলাকায় ভাড়াটে বাসায় থাকে। তার বাবা নুরুল মিয়া সৌদি আরব প্রবাসী।
