বিহারি যুবকের মৃত্যু: ৩ এসআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
রাজধানীর পল্লবী থানা হাজতে ছেলেকে ‘হত্যার’ অভিযোগ তুলে তিন এসআই ও পুলিশের এক সোর্সকে আসামি করে মামলা করেছেন নিহতের মা।
বুধবার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে মামলাটি করেন খোরশেদা বেগম।
পরে এই ঘটনায় পুলিশের দায়ের করা আগের একটি মামলার সঙ্গে তা যুক্ত করে তদন্তের নির্দেশ দেয় আদালত।
গত ৮ ফেব্রুয়ারি মধ্যরাতের পর মিরপুর ১১ নম্বরের ইরানি ক্যাম্প থেকে নিহত জনিসহ পাঁচ জনকে আটক করে পল্লবী থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের দাবি, ভোরে অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদীর আইনজীবী বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মো. আবু তৈয়ব জানান, আদালতে করা এ মামলায় এসআই জাহিদুর রহমান, আব্দুল বাতেন, শোভন কুমার সাহা ও পুলিশের সোর্স সুমনের নাম উল্লেখের পাশাপাশি নাম উল্লেখ না করে আরো কয়েকজন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত শোভন কুমার সাহা অজ্ঞাতপরিচয়ের ৪০/৫০ জনকে আসামি দেখিয়ে খুনের অভিযোগে পল্লবী থানায় আগের মামলাটি করেন।
আদালতে করা মামলায় নিহত জনির ময়নাতদন্তের চিকিৎসকসহ ১৮ জনকে সাক্ষী করা হয়েছে, যাদের মধ্যে একজন নির্বাহী হাকিমও রয়েছেন। তার নাম মাহবুবুর রহমান।
থানা হেফাজতে বিহারি যুবকের মৃত্যু, মিরপুরে সড়ক অবরোধ
