২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সহকর্মীর গুলিতে পুলিশ নিহত

রাঙামাটির বাঘাইহাট পুলিশ ক্যাম্পে এক কনস্টেবলের গুলিতে তারই এক সহকর্মীর মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 12:26 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার ওই পুলিশ ক্যাম্পে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার আমেনা বেগম জানান।

তিনি জানান, ক্যাম্পে গুলিবিদ্ধ হওয়ার পর কনস্টেবল আনোয়ার হোসেনকে (২০) প্রথমে দিঘীনালা সেনা ক্যাম্প হাসপাতালে এবং পরে সেখান থেকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার জন্য দায়ী কনস্টেবল মোস্তাফিজকে (২৮) বাঘাইহাট পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।

সাজেক থানার ওসি এস এম আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরম পানি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কনস্টেবল মোস্তাফিজ তার রাইফেল দিয়ে আনোয়ারকে কয়েকটি গুলি করে। এতে আনোয়ার পেট ও উরুতে গুলিবিদ্ধি হন।

পুলিশ সুপার আমেনা বেগম জানান, ঘটনার পর ক্যাম্পের পুলিশ সদস্যরা মোস্তাফিজকে আটক করে আনোয়ারকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

মোস্তাফিজকে ক্যাম্প থেকে থানায় নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।