২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেককে বিশ্ববিদ্যালয় করার দাবি আওয়ামী লীগের

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সিদ্ধান্তে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 12:38 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানাতে ১১ মার্চ লালদীঘি ময়দানে জনসভা করার ঘোষণা দিয়েছে নগর আওয়ামী লীগ।

মঙ্গলবার রাতে চিকিৎসক নেতাদের সঙ্গে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া ঠেকাতে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ৮ মার্চ হাসপাতাল চত্বরে শোভাযাত্রা, ৯ মার্চ সংবাদ সম্মেলন এবং ১১ মার্চ নগর আওয়ামী লীগের উদ্যোগে লালদীঘিতে জনসভা হবে।

জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি থাকবেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঠেকাতে চট্টগ্রাম মেডিকেলে গত ২ থেকে ৪ মার্চ প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করে ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’।

২ মার্চ বিশ্ববিদ্যালয় ঘোষণার পক্ষ-বিপক্ষে চমেক ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেন চিকিৎসক ও কর্মচারীরা।

ওই দিন চিকিৎসকদের মিছিল থেকে কর্মচারীদের ওপর হামলা চালিয়ে নার্সদের লাঞ্ছিত ও মাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ করেছেন কর্মচারী সংগঠনগুলোর নেতারা।

ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ বলেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে চট্টগ্রামের সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ভোগান্তির শিকার হবে।

“এ ঘোষণা বাস্তবায়ন হলে কর্মচারীরা রাজস্ব খাত থেকে স্বায়ত্তশাসিত কর্মচারীতে পরিণত হবেন।”

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।