এসএসসির খাতা নিয়ে নিল ‘১০ মিনিট আগে’
এসএসসি পরীক্ষা চলাকালে নির্দিষ্ট সময়ের আগে জোরপুর্বক খাতা কেড়ে নেয়ার অভিযোগে দিনাজপুর জিলা স্কুল কেন্দ্রে ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্রীরা।
পরে জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে ক্ষতি পুষিয়ে দেয়ার প্রতিশ্রুতি এবং দায়ী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
মঙ্গলবার এসএসসির পদার্থ বিজ্ঞান ও ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থীদের অভিযোগ, দিনাজপুর জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা শেষের ১০ মিনিট আগে পরিদর্শকরা জোরপুর্বক পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা কেড়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা হলের বিভিন্ন কক্ষে ভাংচুর করে। এতে স্কুলের অফিসকক্ষসহ ডিজিটাল ক্লাসরূমের কিছু সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থী ছাত্রীদের লাঠিপেটা করে।
এরপর শিক্ষার্থীসহ অভিভাবকরা আরো ক্ষুদ্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষের বাইরে প্রতিবাদ জানাতে থাকে।
এ অবস্থায় বিকাল পৌনে ৪টায় জিলা স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহীন আক্তার মাইকে ঘোষণা দেন, আজকের পরীক্ষায় যে ক্ষতি হয়েছে তা শিক্ষা বোর্ডের সাথে কথা বলে ক্ষতি পুষিয়ে দেয়া হবে এবং দায়ী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এরপর পরিস্থিতি শান্ত হয়।
পুষিয়ে দেয়ার ব্যাপারে দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আক্তারকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তিনি জানান, মাইকে যা বলেছেন তাই তার বক্তব্য।
