নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরায় ৩৩ জেলের দণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ৩৩ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান মঙ্গলবার প্রত্যেক জেলেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
রাজিবুল ইসলাম জানান, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড ৪৬ জন জেলেকে আটক করে। এর মধ্যে বয়স বিবেচনায় ১৩ জনকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া অভিযানে দেড় লাখ মিটার কারেন্ট জাল, ১৫টি নৌকা, বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।
প্রতি বছরের মতো এবারো চাঁদপুরে মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুইমাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছ সরকার।
২০০৬ সাল থেকে মার্চ ও এপ্রিলে চাঁদপুরের নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ কারণে এ দুই মাস মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।
নিষেধাজ্ঞার সময় থেকে আগামী চার মাস ২৬ হাজার ৩৩৫ জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে চাঁদপুরের জেলা মৎস্য অফিস জানিয়েছে।
