২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা বন্ধে আলোচনা ‘নিয়মিত’: বিজিবি প্রধান

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:11 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার বিজিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সীমান্তে হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।”

বিজিবি প্রধানের এই বক্তব্যের একদিন আগেই কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হন। সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধে নয়াদিল্লির প্রতিশ্রুতির মধ্যেই এই ঘটনা ঘটল।

মেজর জেনারেল আজিজ বলেন, “যতক্ষণ পর্যন্ত এই হত্যা শূন্যের কোঠায় নেমে না আসবে, ততক্ষণ প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চলবে।”

ফেলানী হত্যা মামলার রায়ের রিভিউ আবেদনের বিষয়ে তিনি বলেন, “আগামী এপ্রিলে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আবারো আলোচনা হবে। একটি সন্তোষজনক রায় আমাদের প্রত্যাশা।”

সীমান্তে চোরাচালান, হত্যা আগের থেকে কমে এসেছে দাবি করে বিজিবি প্রধান বলেন, “২০০৯ সালের চেয়ে ২০১৩ সালে সীমান্তে মাদক চোরাচালান, হত্যা কমেছে, তবে সীমান্ত অপরাধে আটক আসামির সংখ্যা বেড়েছে।”

সীমান্ত এলাকায় রাস্তা ও নিরাপত্তা বেষ্টনি না থাকায় চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনা যাচ্ছে না বলে জানান তিনি।

“সরকার সম্প্রতি সীমান্ত এলাকায় ৯৩৫ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি  হয়ে গেলে নিরাপত্তাজনিত সমস্যা দূর হবে। কিন্তু এটি বাস্তবায়নে প্রধান বাধা অর্থনৈতিক।”

সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে ভারতের সহযোগিতা পাচ্ছেন জানিয়ে এক্ষেত্রে মিয়ানমারের আরো সহযোগিতা প্রত্যাশা করেন বিজিবি প্রধান।

সীমান্তরক্ষী বাহিনী পুনর্গঠন ও আধুনিকায়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটা আরো আগে করা হলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটত না।

সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে খুন করে পালিয়ে যাওয়া জঙ্গিরা যেন দেশ ছাড়তে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক রয়েছে বলে মেজর জেনারেল আজিজ জানান।

নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা শিকার মানুষের বসতঘিটা পুনর্নির্মাণে বিজিবিকে দায়িত্ব দেয়ায় সরকারকে ধন্যবাদও জানান তিনি।