২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সুড়ঙ্গের সন্ধান

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি স্বল্প দৈর্ঘ্যের সুড়ঙ্গ স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:07 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

চিথলিয়া গ্রামের একটি বাঁশবাগানে রোববার নজরে আসা এই গর্তটি অনুভূমিকভাবে সাত ফুট লম্বা এবং ব্যাস তিন ফুট। অতি সম্প্রতি এটি তৈরি করা হয়েছে বলে ধারণা করছে গামের লোকজন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার পর জমির মালিককে সুড়ঙ্গটি বন্ধ করে দিতে বলা হয়েছে। কারা কেন সুড়ঙ্গটি করেছিল তা তদন্ত করে দেখা হবে।

এলাকাবাসী জানান, চিথলিয়া গ্রামের আমিরুল শেখ রোববার সকালে তার ভাই কাইমুদ্দিন শেখের বাঁশবাগানে গরু বাঁধতে গিয়ে সুড়ঙ্গটির মুখ দেখতে পান।

সেখানে পানির বোতল ও সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখতে পান তিনি।

খবর পেয়ে গ্রামের শত শত মানুষ সেখানে ছুটে আসেন। তারা পরিমাপ করে দেখেন, সুড়ঙ্গটি (অনুভূমিক) সাত ফুট লম্বা এবং তিন ফুট প্রশস্থ (ব্যাস)।

আমিরুল শেখ বলেন, “জায়গাটি বেশ নিরিবিলি। আমার ধারণা সন্ত্রাসীরা কাউকে গুম করে রাখার জন্য সুড়ঙ্গটি তৈরি করে থাকতে পারে। তবে সেখানে কোনো অবৈধ মালামাল লুকিয়ে রাখাও সম্ভব।”

স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ বলেন, কে বা কারা কেন সুড়ঙ্গটি তৈরি করেছে তা জানা যায়নি।