২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুর তাড়া খাওয়া ‘ক্রিস্টাল গোল্ড’ হরমুজ প্রণালীতে

আরব সাগরে জলদস্যুর তাড়া খাওয়া জাহাজ ‘এমভি ক্রিস্টাল গোল্ড’ এখন হরমুজ প্রণালীতে রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 02:09 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শনিবার সকালে জাহাজটি আরব সাগর পেরিয়ে হরমুজ প্রণালীতে ঢুকে বলে বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলদস্যুদের তাড়া খেয়েও বেঁচে যাওয়া জাহাজটি স্বাভাবিক নিয়মে চললে আগামীকালের (রোববার) মধ্যে ইরানের বন্দর আব্বাসে পৌঁছাবে।”

বন্দর আব্বাসগামী জাহাজটি শুক্রবার বিকালে আরব সাগরে জলদস্যুদের তাড়া খেয়ে পাকিস্তান উপকূলের দিকে সরে যায়।

ভারতের গুজরাটের কাঁদলা বন্দরে পণ্য খালাসের পর যাওয়ার পথে করাচি বন্দর থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে এটি জলদস্যুদের কবলে পড়ে।

জলদস্যুদের একটি বড় ও দুটি ছোট আকারের নৌকা জাহাজটিকে তাড়া করে। সন্ধ্যা ৭টার দিকে জাহাজটি পাকিস্তান উপকূলের দিকে ঢুকে পড়লে জলদস্যুরা সরে যায়।

সাড়ে ১৬ হাজার টন ধারণ ক্ষমতার ২৮ বছরের পুরনো এই জাহাজের নেতৃত্বে আছেন ক্যাপ্টেন জাকির হোসেন। জাহাজে মোট ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন বলে মালিকপক্ষ জানায়।

জলদস্যুর তাড়া খেয়েও বেঁচে গেল ‘ক্রিস্টাল গোল্ড’