সাভারে নসিমন চাপায় নিহত ২
ঢাকার সাভারে মহাসড়কে অবৈধ যান নসিমনের চাপায় দুজন নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রূপচান মণ্ডল (৭০) ও শাহীনুর রহমানের (১২) বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তারা সম্পর্কে দাদা-নাতী বলে জানা গেছে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে নবীনগর বাসস্ট্যান্ডের কাছে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন দাদা-নাতি। তখন দ্রুত গতির একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।
নসিমনচাপায় গুরুতর আহত দুজনকে কাছের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তারা দুজনই মারা গেছেন।
পুলিশ নসিমনটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে বলে ওসি জানান।
