বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে ব্লুমবার্গের কোটি ডলার
বাংলাদেশে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে একটি প্রকল্পে ১০ মিলিয়ন ডলার দিচ্ছে নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের গড়ে তোলা সেবামূলক সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথকে সঙ্গে নিয়ে তারা এই প্রকল্প বাস্তবায়ন করবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে শিশুদের একটা বড় অংশের মৃত্যু হয় পানিতে ডুবে। বাবা-মার অগোচরে বাড়ির আশপাশের ছোট জলাশয়ে পড়ে তারা মারা যায়।
একটি জরিপের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, “প্রতিবছর বাংলাদেশে ১২ হাজার বা প্রতিদিন ৩২ জন শিশু পানিতে ডুবে মারা যায়। বেশিরভাগ ঘটনাস্থল হলো বাড়ির কাছের ছোট জলাধার।”
ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের জনস্বাস্থ্য কর্মসূচির প্রধান কেলি হেনিং বলেন, “শিশুদের ডুবে মরার এই সমস্যা খুবই মর্মান্তিক হলেও তা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয় না। অথচ কিছু পদক্ষেপ নিলেই অনেকগুলো তাজা প্রাণ রক্ষা করা যায়।
“আমরা বাংলাদেশে বয়স্কদের অনুপস্থিতিতে শিশুদের দেখভালের ব্যবস্থার উন্নয়নে কাজ করব। তাদের জন্য এমন সরঞ্জাম সরবরাহ করব যাতে ক্ষতিকর উপাদান থেকে শিশুরা দূরে থাকে।”
বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা ও শিল্পকলাসহ নানা খাতে উন্নয়নমূলক কাজ করে ব্লুমবার্গ ফিলানথ্রপিস। গতবছর বিভিন্ন প্রকল্পে ৪৫ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে তারা।
