২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলুচাষিদের পাশে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

আলুর ব্যাপক মূল্যহ্রাস পাওয়ায় চাষিদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 09:45 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার দুরামিঠিপুর গ্রামের পঞ্চাশজন চাষির কাছ থেকে সাত টাকা কেজি দরে তারা ৫০০ মণ আলু কিনেছেন।

রংপুরে বর্তমানে ২-৩ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এ কারণে হতাশ আলুচাষিরা সম্প্রতি উত্তরের কয়েকটি জেলায় রাস্তায় আলু ঢেলে ক্ষোভ প্রকাশ করেছেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল হক সাংবাদিকদের বলেন, ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে আলু কিনতে দেশের শিক্ষিত, বিত্তবান ও আলু ব্যবসার সঙ্গে সম্পর্কিত উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিজন শিক্ষক ১০০ কেজি করে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।

আলুচাষী সরোয়ার আলম ন্যায্যমূল্যে আলু বিক্রি করতে পেরে খুশি।

তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এভাবে আলু কিনলে চাষিরা উপকৃত হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পরিচালিত কৃষিভিত্তিক অনলাইন পত্রিকা সবুজ বাংলাদেশ টেয়েন্টিফোর ডটকম এই আলু সংগ্রহ কর্মসূচির আয়োজন করে।

আলু কেনা উপলক্ষে দুরামিঠিপুর গ্রামে এক সভার আয়োজন করা হয়।

সবুজ বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ড. সহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল হক, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভুঞা, প্রধান খামার ব্যবস্থাপক ড. আব্দুর রহমান সরকার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান ড. শহীদুল হক, রেজিস্ট্রার আবদুল খালেক, এডিশনাল রেজিস্ট্রার ইউসুফ আলী মন্ডল, বিএডিসির সহকারী পরিচালক আব্দুল হাই, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আরিফুল হক ও সাধারণ সম্পাদক অমিত মালাকার।