২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেলা ভাঙার দিনে বইপ্রেমীদের ঢল

শেষবিকেলে অমর একুশে গ্রন্থমেলায় ঢল নামে বইপ্রেমীদের, পছন্দের বই কেনা আর বিক্রিতে ব্যস্ত সময় কাটান ক্রেতা-বিক্রেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

মাসব্যাপী বইমেলার শেষদিন ছিল শুক্রবার। বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে দোয়েল চত্বর পর্যন্ত কোথাও তিল ধারণের জায়গা নেই।

শেষ দিনে পাঠকের চাহিদা কী বা কোন লেখকের বই বেশি বিক্রি হয়েছে-এসব প্রশ্নের জবাব দেয়ার ফুরসতও পাচ্ছিলেন না কেউ কেউ।

সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত অন্যপ্রকাশ, তাম্রলীপি, সময় প্রকাশন ও আগামী প্রকাশনীসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার স্টলে বই কিনতে পাঠকদের দীর্ঘলাইন ধরে অপেক্ষা করতে দেখা যায়।

অন্যপ্রকাশের পরিচালক ও প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, তার স্টলে হুমায়ূন আহমেদের বইয়ের চাহিদা সবচেয়ে বেশি।

“হুমায়ূন আহমেদ না থাকলেও তার পাঠক রয়েছে। তিনি নিজস্ব পাঠক তৈরি করায় তার বই এখনো ব্যাপক বিক্রি হচ্ছে।”

এবার হুমায়ূন আহমেদের সাহিত্য সমগ্র বেশি বিক্রি হয়েছে বলে জানান তিনি।

শেষ দিনে বইয়ের বিক্রি বেশি জানিয়ে সময় প্রকাশনের ফরিদ আহমেদ বলেন, “এতোদিন যারা মেলায় এসেছিলেন তাদের বেশিরভাগই দর্শক ছিলেন। তবে আজকের দিনে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি।”

ছুটির দিন হওয়ায় পুরো পরিবার নিয়ে টঙ্গী থেকে মেলায় এসেছেন অনিমেষ মৃধা।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই আমার পছন্দ। আর বাচ্চাদের জন্য জাফর ইকবালের থ্রিলার এবং স্ত্রীর জন্য হুমায়ূন আহমেদের বই কিনেছি।”

এ বছর বইমেলায় ২৯৯টি প্রতিষ্ঠানকে ৫৩৪টি ‘ইউনিট’ বরাদ্দ দেয়া হয়। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় এসেছে দুই হাজার ৯৫৯টি বই।

এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতার বই। কবিতার বই এসেছে ৭১০টি। আর সবচেয়ে কম বেরিয়েছে অভিধান, মাত্র চারটি।

এছাড়া গল্পের বই ৩৯২টি, উপন্যাস ৫০২টি, প্রবন্ধের বই ১৯৯টি, গবেষণাগ্রন্থ ৫৪টি, ছড়ার বই ১১৪টি, শিশুতোষ ১০৫টি, জীবনী ৯২টি, রচনাবলী ১১টি, মুক্তিযুদ্ধ ৫৭টি, নাটক ৩৩টি, বিজ্ঞান ৪১টি, ভ্রমণ ৭১টি, ইতিহাস ৪২টি, রাজনীতি ১৪টি, চিকিৎসা ২৬টি, কম্পিউটার ১১টি, রম্য ৭১টি, ধর্মীয় ৩৮টি, অনুবাদ ২৫টি, সায়েন্স ফিকশন ৩৩টি এবং অন্যান্য ৩১৩টি বই মেলায় এসেছে।