২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির আন্দোলনে ছাড় দিতে রাজি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার স্বার্থে সান্ধ্যকোর্স বাতিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছুটা সরে আসতে চাইলেও প্রশাসন কোনো ছাড় দিতে রাজি নয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 07:34 PM

Updated : 22 Aug 2022, 05:48 PM

আন্দোলনকারীদের সঙ্গে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কয়েক দফা বৈঠক থেকে কোনো ফল আসেনি।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গত ২ ফেব্রুয়ারি পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। ওইরাতেই সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর মিয়া পাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী গোলাম মোস্তফা।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে তারা বুধবার ও বৃহস্পতিবার দুদফা বৈঠক করেন। বৈঠকে তারা সকল শিক্ষার্থীদের স্বার্থে বাণিজ্যিক সান্ধ্যর্কোস আপাতত বাতিল না করে ভর্তি কার্যক্রম স্থগিত, ২ ফেব্রুয়ারির হামলাকারীদের বিচার ও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যহারের ঘোষণা করে ক্যাম্পাস খুলে দেয়ার অনুরোধ জানান।

কিন্তু প্রশাসন সান্ধ্যকোর্স স্থগিত করবে না জানিয়েছে। মামলা প্রত্যাহারের বিষয়েও কোনো কথা বলেননি তারা।

শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মলনে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সাজু সরদার, পদার্থবিদ্যা বিভাগের আয়তুল্লাহ খোমেনী, ফাইন্যান্স ও ব্যাকিং বিভাগের সোহরাব হোসেন প্রমূখ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল বলেন, “আমরা বৈঠকে শিক্ষার্থীদের বর্তমান অবস্থান শুনেছি। কী সিদ্ধান্ত হবে তা পর্যালোচনা করা হবে।”

সংবাদ সম্মলনে শিক্ষার্থীরা যে দাবি করেছেন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি ব্যস্ততা আছে জানিয়ে ফোন কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সান্ধ্যকোর্স বাতিল হবে না। ক্যাম্পাস কবে খুলে দেয়া হবে তা নিশ্চত করে বলা সম্ভব নয়।

তবে খুব শিগগির একটি সমাধান বের করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।