বিশ্বকাপ নির্বিঘ্ন করতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন নির্বিঘ্ন করতে সিলেটের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন করে এক সুধী সমাবেশে তিনি বলেন, “সিলেটবাসীর প্রতি অনুরোধ, স্টেডিয়ামে খেলা যখন চলবে, তখন যেন এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকে সে দিকে সবার আগে বিশেষভাবে দৃষ্টি দেবেন। কোনো কারণে যেন এই খেলা বন্ধ না হয়।”
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ সব বিষয়ে সহযোগিতা করার জন্য সিলেটের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী স্টেডিয়ামকে আরো উন্নত করার এবং সিলেটকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন।
“আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এখানে পর্যটকদের জন্য একটি উন্নতমানের ফাইভস্টার হোটেল হবে, যাতে ছাত্রদের জন্যও কম খরচে থাকার সুবিধা থাকবে।”
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বলেন, “সিলেট এমনিতেই অপূর্ব সুন্দর জায়গা। সেখানে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এতো অল্প সময়ের মধ্যে এতো চমৎকারভাবে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে যে তা ভাষায় প্রকাশ করা যায় না।”
এজন্য সবার আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “অর্থ ছাড়া কিছুই হয় না। অর্থই হচ্ছে সব অনর্থের মূল, আবার অর্থ ছাড়া কোনো উন্নয়নকাজও হয় না।”
যথাসময়ে সিলেট স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করা একটি চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনে অনেক প্রতিবন্ধকতা ছিলো। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয়েছে। তারপরও আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় ও সংশ্লিষ্টদের আন্তরিকতায় যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন করে স্টেডিয়ামের সামনের অংশে এই সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি।
সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। পরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বিসিবি সভাপতি নাজমুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ সিলেটের আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিকালে হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। স্টেডিয়ামের অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে করে তিনি ঢাকার পথে রওনা হন।
