‘ধর্ষণের শিকার শিশুর পরিবারকে মীমাংসার নির্দেশ’
গোপালগঞ্জে ধর্ষিত এক শিশুর পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে মীমাংসা করার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে শিশুটির বাড়ি গিয়ে এ হুমকি দেয়া হয় বলে তার স্বজনরা জানিয়েছেন।
মেয়েটির স্বজনদের দাবি, বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে একই গ্রামের সেকেন্দার শেখের ছেলে সোহাগ শেখ (২০)।
মেয়েটি এখন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মেয়েটির মায়ের অভিযোগ, সেকেন্দার শেখের ছেলে সোহাগ শেখ নির্জন পুকুর পাড়ে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পরই তাদের প্রতিবেশী ইসনাস মোল্লা ধর্ষক সোহাগ শেখকে আটক করে।
এ খবর জানতে পেরে সোহাগ শেখের বাড়ির লোকজন ইনসান মোল্লার বাড়িতে হামলা, ভাংচুর ও তাকে মারপিট করে সোহাগকে ছিনিয়ে নেয়।
স্কুলছাত্রীর মা আরো বলেন, শুক্রবার বিকালে ধর্ষক সোহাগের ভাই শাহিন শেখ তাদের বাড়ি এসে ২৪ ঘন্টার মধ্যে বিষয়টি মীমাংসা করার নির্দেশ দেয় তাদের। তা না হলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।
ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মেয়েটির মা জানান।
কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ ধর্ষণের ঘটনার কথা স্বীকার করে বলেন, ধর্ষককে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
ধর্ষকরা বাঁচার জন্য ছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে আতংক সৃষ্টি করে পার পাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা হবে।
গোপালগঞ্জ জেনারেল হাসপতালের গাইনি বিভাগের চিকিৎসক ফারিয়া জামান জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা করানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরো স্পষ্ট হবে।
