যশোরে পিকনিক বাস দুর্ঘটনা: আরেক শিক্ষার্থীর মৃত্যু
যশোরের চৌগাছায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস দুর্ঘটনায় আহত আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে একরামুলের মৃত্যু হয়।
একরামুল বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে এবং ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। এ নিয়ে এ দুর্ঘটনায় আট জনের মৃত্যু হলো।
যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল সাহীদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একরামুল ও আরমান এ দুই শিশুর অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার তাদেরকে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
“সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে একরামুল মারা যায়।”
একরামুলের মরদেহ ঢাকা থেকে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে এনে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সাহীদ মোস্তফা।
দুর্ঘটনার পর থেকেই তারা দুইজন যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিল।
একরামুলের মুত্যুতে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আটে। এরা সকলেই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
গত ১৫ ফেব্রুয়ারি মেহেরপুরের মুজিবনগরে পিকনিক শেষে বেনাপোলে ফেরার পথে চৌগাছার ঝাউতলা এলাকায় তাদের বাসটি রাস্তার পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাত শিক্ষার্থী নিহত হয়। আহত হন বিদ্যালয়ের দুই শিক্ষক ও এক অভিভাবকসহ ৪৬ জন।
তাদের মধ্যে ১৪ জনকে ওই রাতেই যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
