আশুলিয়ায় সুটকেসে যুবকের লাশ
সাভারের আশুলিয়ায় একটি সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে বাংলাবাজার এলাকার সড়কের পাশে আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তার পাশে রক্তমাখা একটি সুটকেস পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, লাশের পরিচয় পাওয়া না গেলেও উপজেলা নির্বাচনে মামুন নামের এক প্রার্থীর তালা প্রতীক সম্বলিত একটি পরিচয়পত্র পাওয়া গেছে তার কাছ থেকে।
তাই উপজেলা নির্বাচনে দ্বন্দ্বের কারণে অজ্ঞাত স্থানে হত্যার পর লাশটি গুমের জন্য ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েরছ।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
