ঝালকাঠীতে পুড়ল সাত দোকান
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।
রাজাপুর থানার এসআই আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার পুটিয়াখালী বাজারে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে গেলে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
আগুনে কৃষিযন্ত্রপাতি, মুদি দোকান এবং মোবাইল ফোনের দোকানসহ সাতটি দোকান মালামালসহ পুড়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠী, ভাণ্ডারিয়া ও কাউখালি থেকে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুটিয়াখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আল-আমীনের দাবি, অগ্নিকাণ্ডে কমপক্ষে ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এসআই আতিক জানান, ওই ট্রাকের চালক শ্রী হরি বাইন (২৫) ও সহকারী হাসান বিশ্বাসকে (১৮) আটক করা হয়েছে। তাদের দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।
