এইচআরডব্লিউর আদালত অবমাননা রুলের শুনানি ১০ এপ্রিল
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার রুলের শুনানি হবে আগামী ১০ এপ্রিল।
এছাড়া আদালত অবমামনার বিষয়ে সংস্থাটির জবাব এফিডেবিট আকারে নেয়া হবে কি না, সে ব্যাপারে ৬ মার্চ শুনানির দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সময়ের জন্য সংস্থাটির আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এইচআরডব্লিউর পক্ষে আইনজীবী মো. আনিসুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দুই বিষয়ে শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল।
একটি আবেদনে মো. আনিসুল হাসান বলেন, এইচআরডব্লিউর জবাব দাখিল করতে হলে তা সংস্থাটির পক্ষ থেকে স্বাক্ষরিত হতে হবে। এক্ষেত্রে ওই সংস্থার প্রতিনিধি ঢাকায় এসে নথিতে স্বাক্ষর করতে পারেন অথবা নথি যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে পাঠিয়ে এফিডেবিট করিয়ে স্বাক্ষর করা সম্ভব।
এইচআরডব্লিউর পক্ষে ওই সংস্থার একজন কর্মকর্তাকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে, যিনি দূতাবাসের মাধ্যমে এফিডেবিট করে জবাব দাখিল করতে চান, বলেন এই আইনজীবী।
গতবছরের ২০ অগাস্ট এক বিবৃতিতে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে গতবছরের ২ সেপ্টেম্বর রুল জারি করে ট্রাইব্যুনাল।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার পরিচালনা পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়।
বিষয় তিনটি হলো- গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে ‘অনৈতিকভাবে’ পাঁচটি অবৈধ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে ‘মনগড়া’ মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে ‘মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও দূরভিসন্ধিমূলক’ প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা; এবং ‘ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে’ প্রতিবেদন প্রকাশ করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানী ঘটানো।
গত বছরের ১৭ অগাস্ট “বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস” শীর্ষক একটি বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ পাঁচটি অভিযোগও তুলে ধরে।
এতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।
