২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটু গুণগান না করলে হয় মাননীয় স্পিকার’

সম্পূরক প্রশ্ন করতে গিয়ে দীর্ঘক্ষণ ধরে নৌমন্ত্রী শাজাহান খানের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন স্বতস্ত্র সংসদ সদস্যদের জোটের নেতা হাজি মো. সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:50 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

গত সরকারেও নৌমন্ত্রীর দায়িত্ব থাকা শাজাহান খানের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার এক পর্যায়ে সেলিমকে থামিয়ে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

“আপনি প্রশ্নটি করুন মাননীয় সংসদ সদস্য,” বলেন স্পিকার।

এর জবাবে নিজের আঞ্চলিক ভাষায় ঢাকার এই সংসদ সদস্য বলেন, “একটু গুণগান না করলে হয় মাননীয় স্পিকার?”

অবশ্য স্পিকারের এই তাগাদার পরেই নৌমন্ত্রীকে প্রশ্ন করেন আওয়ামী লীগ নেতা হাজি সেলিম।

এর আগে নৌ-পরিবহন খাতে বর্তমানে বাস্তবানাধীন কোনো প্রকল্প আছে কি না- তা জানতে চেয়ে তারকচিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন তিনি।

সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের পর সাধারণ একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাংসদ সদস্যরা।

তবে বিষয় সংশ্লিষ্ট বিষয়ে সম্পূরক প্রশ্ন না করে বক্তব্য শুরু করলে ছোট্ট করে প্রশ্ন করার জন্য সংসদ সদস্যদের স্পিকারকে তাগাদা দিতে দেখা যায়।