২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার: বিএনপির একক প্যানেল, আ. লীগের একাধিক

প্যানেল চূড়ান্ত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি সমর্থকরা। অন্যদিকে প্যানেল চূড়ান্ত না হওয়ায় সরকার সমর্থকদের একাধিক প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:37 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সমিতির বর্তমান সম্পাদক বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

অন্যদিকে আওয়ামীলীগ ও সমমনাদের মধ্য থেকে সভাপতি পদে নির্বাচনের জন্যে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের সম্পাদক সুব্রত চৌধুরী ও সাবেক সম্পাদক এস এম মনির।

আওয়ামী ও সমমনাদের মধ্য থেকে সম্পাদক পদে নির্বাচনের জন্যে মনোনয়নপত্র দাখিল করেছেন সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, মো. আজাহার উল্লাহ ভুঁইয়া, রবিউল আলম বুদু ও তানজীব-উল আলম।

এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির আবু ইয়াহিয়া দুলাল ও মো. ফরিদুল ইসলাম ফরিদ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সভাপতি পদে অন্যান্যদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন শাহ মোহাম্মদ খসরুজ্জামান, আব্দুল মমিন চৌধুরী ও মো. ইউনুস আলী আকন্দ।

সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সমর্থন প্রত্যাশী মো. আজাহার উল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্যানেল চূড়ান্ত হয়নি। গতকালও (বুধবার) মিটিং হয়েছে। প্রাথমিকভাবে প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। প্যানেল চূড়ান্ত হলে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করবে।”

এ বিষয়ে আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস যুগান্তরকে বলেন, ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির বিপরীতে এই নির্বাচনে মোট ৫২জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে সভাপতি পদে সাতজন, সহ-সভাপতি পদে ৫ জন,  সম্পাদক পদে ৭জন, কোষাধ্যক্ষ পদে ৭জন, সহ-সম্পাদক পদে ৮জন এবং সদস্য পদে ১৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এবার সমিতিতে মোট ভোটার ৪ হাজার ৫৪ জন। এই নির্বাচনে মো. নূর হোসেন চৌধুরীকে প্রধান করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।