২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ছিনতাই: এবার জাকারিয়ার শ্বশুর আটক

পুলিশের প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আটক গাড়িচালক মো. জাকারিয়ার শ্বশুরকেও আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 07:31 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চন্দ্রার ত্রি-মোড় এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ‘হানিফ’ পরিবহনের একটি বাস থেকে সাব্বির আহমেদ নয়ন (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

সাব্বিরের মেয়ে ও জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকেও (২৩) এর আগে টঙ্গীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংয়ের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা ও গুলি ছুড়ে এক পুলিশকে হত্যা করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়।

এর কয়েক ঘণ্টার মাথায় টাঙ্গাইলের সখীপুর থেকে হামলাকারীদের গাড়িচালক জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন বিকেলে টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে আটক করা হয় স্বপ্নাকে।

টঙ্গীর অভিযানে স্বপ্নার কাছ থেকে ল্যাপটপ ও পেনড্রাইভে জেএমবির বিভিন্ন জিহাদী বইয়ের ‘সফট কপি’ জব্দ করা হয়। পাওয়া যায় কারাবন্দি জঙ্গিদের নাম, ঠিকানা ও পরিবারের সদস্যদের তথ্য সম্বলিত তালিকা, যা জাকারিয়ার হাতে লেখা বলেও ইতোমধ্যে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, সাব্বিরের বাড়ি নওগাঁর নিয়ামতপুর থানার রসুলপুর গ্রামের হাজীপাড়া এলাকায়। স্বপ্না তার বড় মেয়ে এবং জাকারিয়া তার ভাগ্নে।

জাকারিয়া এর আগে জেএমবির নাশকতার মামলায় ২০০৪ সালে গ্রেপ্তার হন। পাঁচ বছর ১০ মাস জেল খেটে জামিনে ছাড়া পাওয়ার পর বছর দেড়েক আগে মামাতো বোন স্বপ্নার সঙ্গে তার বিয়ে হয়। তার শ্বশুর সাব্বির ঢাকার গাবতলীর দীপননগর ঘাট এলাকার কুলি সর্দার বলে আবুল খায়ের জানান।

কালিয়াকৈরের ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকারিয়ার শ্বশুড় সাব্বির জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কিনা এবং স্বপ্নাদের সঙ্গে তার সম্পর্ক কেমন- এসব বিষয় জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।”

অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার থেকে জাকারিয়াকে ২০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

যে বেশে থাকতে পারেন জঙ্গি সালেহীন-মিজান

জঙ্গি ছিনতাই: আরেক পুলিশ বরখাস্ত