২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বছর আগে কন্টেইনার পাচারের ঘটনায় দুদকের মামলা

১৪ বছর আগে অবৈধভাবে কন্টেইনার সরানোর অভিযোগে চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মচারীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দর থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক সিরাজুল হক বাদি হয়ে মামলাটি করেন।

এতে বন্দরের ট্রাফিক বিভাগের ছয়, নিরাপত্তা বিভাগের নয় এবং এবকো এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের দুই জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- বন্দরের উচ্চ বহিঃ সহকারী  মো. হুমায়ুন কবির, অধীর কান্তি চক্রবর্তী, মো. আতিকুর রহমান, শ্যামল কৃষ্ণ ভৌমিক, সহকারী ট্রাফিক অফিসার প্রদীপ কুমার মহাজন, সহকারী পরিবহন পরিদর্শক (এটিআই) মোস্তাফিজুর রহমান, সাবেক এটিআই মো. ছালেহ জহুর, নিরাপত্তারক্ষী সিরাজুল হক মোল্লা, মো. আলী আজম চৌধুরী, মো. মনির আহম্মদ, মো. ছগির আহম্মদ, মো. হারুন চৌধুরী, সাবেক নিরাপত্তা কর্মকতা মিজানুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, সিঅ্যান্ড এফ প্রতিষ্ঠান এবকোর মালিক মো. আলম শাহ ও জেটি সরকার বরুণ কান্তি সেন।

মামলার বাদি সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পরস্পরের যোগসাজসে এবং ক্ষমতার অপব্যবহার করে কন্টেইনার পাচারের মাধ্যমে ৩৪ লাখ ৬২ হাজার ৩৪৪ দশমিক দুই টাকা আত্মসাৎ করেছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি মেসার্স এ্যাপারেলস সোর্সেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের জন্য ১০০ বেল (৫৯ হাজার ৬০০ গজ) পলিস্টার কাপড় চট্টগ্রাম বন্দরে আনা হয়।

তার দুইদিন পর বন্দর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আসামিরা কন্টেইনারটি নির্দিষ্ট শেড থেকে অন্যত্র সরিয়ে ফেলেন এবং কাপড় পাচার করেন।

দুদক কর্মকর্তা সিরাজুল বলেন, “কন্টেইনার সরানোর ঘটনায় বন্দর কর্তৃপক্ষ নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত রিপোর্টে পর্যালোচনা করে মামলাটি করা হয়েছে।”