২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ভোটকেন্দ্র থেকে পুলিশের রাইফেল ‘উধাও’

ভোট শুরুর আগে মাগুরার শালিখা উপজেলায় একটি কেন্দ্র থেকে পুলিশের একটি রাইফেল খোয়া গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 04:26 PM

Updated : 22 Aug 2022, 05:47 PM

বৃহস্পতিবার সকালে শতখালী উইনয়নের ‘গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়’ কেন্দ্রের এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে তিন পুলিশ সদস্যকে।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সাংবাদিকদের বলেন, “ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা রাতে সেখানেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তাদের একটি চায়নিজ রাইফেল পাওয়া যাচ্ছে না।”

দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন।

পুলিশ সুপার জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন পুলিশকে বরখাস্তের পাশাপাশি দায়িত্বরত পাঁচ আনসার সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেন্দ্রটি মাগুরা, নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী হওয়ায় তিন জেলার আইনশৃঙ্খলা বাহিনী রাইফেল উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।