কেরানীগঞ্জের কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থীর
কেরানীগঞ্জের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন স্থগিত করে নতুন নির্বচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী মো. নাজিম উদ্দিন আহমেদ ওরফে নাজিম মাস্টার।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জিঞ্জিরায় থানা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
এ সময় তিনি বলেন, সারা দিনের নির্বাচনের নামে যে ঘটনা ঘটে গেছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
“১৯২ টি কেন্দ্রের মধ্যে ১৭০ টি থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। নেতা কর্মীদের মাররধর করা হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ করেও সহযোগীতা পাওয়া যায়নি।”
এর আগে বেলা ১২টার দিকে আরেক সংবাদ সম্মেলনে নাজিম উদ্দিন অভিযোগ করেন, “আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহীদ আহমেদের লোকজন বাক্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে আমার পেলিং এজেন্টদের বের করে দিচ্ছে।”
“দলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারসে (আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীক) ভোট না দেয়ায় মাসুম (২৫) নামের কাপ-পিরিচের (নাজিম মাস্টারের প্রতীক) এক কর্মীকে মারধর করে।”
এ সময় ব্যান্ডেজ দেয়া মাসুম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ মন্তব্য করে আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যন প্রার্থী শাহীন আহমেদ কৌতুক করে বলেন, “বিরোধী দল যা বলে”!
অভিযোগ নাকচ করে তিনি আরো বলেন, “এ এলাকায় বিএনপির দুই নেতা আমানুল্লাহ আমান ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মধ্যে ২০/২৫ বছর ধরে বিরোধ। নিজেদের বিরোধকে তারা আমাদের ওপর বর্তাচ্ছে।”
এ সময় তিনি দাবি করেন, কেরানীগঞ্জে আনন্দ ও উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
তার এ অভিযোগের বিষয়ে জানানো হলে সহকারী প্রিসাইডিং অফিসার বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট চলছে।
কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “সকাল থেকে কাপ-পিরিচের কোনো এজেন্ট কেন্দ্রে আসে নাই।”
