২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অভিযোগে লক্ষ্মীপুরে দুটি মামলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 10:13 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দুটি দায়ের করেন সদরের গন্ধর্বপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের ছেলে মো. রায়হান এবং বিনোদধর্মপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সফিক উল্লাহ।

লক্ষ্মীপুর আদালতের বিচারক মেহের নিগার মামলা দুটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মো. রফিক উল্লাহ।

একটি মামলার এজাহারে বলা হয়েছে, গন্ধর্বপুর গ্রামের মৃত জবি উল্লার ছেলে আব্দুল্লাহ ও আব্দুল ওহাব, মোস্তফা মিয়ার ছেলে আব্দুর ছাত্তার ও আব্দুল গফ্ফার ১৯৭১ সালে রাজাকার বাহিনীতে যোগ দেন।

ওই সময়ে তারা সদর উপজেলার শহরকসবা গ্রামের কানুকর্তা সুর, আইয়ুব আলী, আব্দুল গফুর, আবু তাহের মাঝি, তৈয়বার নেছা, মহিফুলের নেছাসহ ৬ জনকে খুন করেন বলে অভিযোগ করা হয়।

একই সময়ে ওই এলাকার একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও মামলার বাদীকে ধরে নিয়ে রাজাকার ক্যাম্পে নির্যাতন করে পঙ্গু করে দেয়ার অভিযোগ আনা হয় এ মামলায়।

অপর মামলার এজাহারে বলা হয়, বিনোদধর্মপুর গ্রামে সফিউল্লাহকে গুলি করে হত্যা ও বাদীর বাবা মোস্তাফিজুর রহমানকে মারধর করার অভিযোগ আনা হয়।