ছবি তুলতে বাধা দেয়ায় স্কুলছাত্রীকে মারধর
বাগেরহাটের চিতলমারীতে মোবাইল ফোনে ছবি তুলতে বাধা দেয়ায় স্কুলছাত্রী ও তার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।
বুধবার উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনায় স্কুলছাত্রী (১৩,নাম প্রকাশ করা হলো না) ও তার বড়ভাই মারধরের শিকার হন।
মেয়েটিকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।বাবা না থাকায় খালা রাহিলা বেগমের কাছে থেকে পড়ালেখা করে সে।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার জানান,এ ঘটনায় জড়িত কাঠিপাড়া গ্রামের এলেম উদ্দিন শেখের ছেলে হারেজ শেখকে (১৬)ধরার চেষ্টা চলছে।
তবে ঘটনায় জড়িত ছেলের পরিবার স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করছে বলেও জানান তিনি।
মেয়েটি সাংবাদিকদের জানায়,সকালে স্কুলে যাওয়ার পথে হারেজ তার পথ আটকে মোবাইল ফোন সেটে ছবি তোলার চেষ্টা করে।
তখন তাকে বাধা দিলে সে মেয়েটিকে মারধর করে। তার চিৎকারে বড় ভাই ছুটে এলে হারেজ তাকেও মারপিট করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানায় মিনারা।
হারেজ দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। তার কথায় সায় না দেয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো.ফরহাদুল ইসলাম বলেন,মেয়েটিকে হাত দিয়ে মারধর করা হয়েছে।তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
