কাশিমপুর কারাগারে তদন্ত কমিটি
ময়মনসিংহে পুলিশ খুন করে তিন জেএমবি সদস্য ছিনতাই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা কাশিমপুর কারাগারে গেছেন।
সোমবার বিকালে এ পরিদর্শনের সময় ছিলেন কমিটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং তিন সদস্য উপ-সচিব খায়রুল কবির মেনন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান ও কারা বিভাগের ডিআইজি মো. টিপু সুলতান।
রোববারের এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
ফাইল ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার জামিল আহমেদ চৌধুরী জানান, রোববারের বন্দি হস্তান্তর প্রক্রিয়া সঠিক তথা যথাযথ ছিল কিনা তা তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখেন।
তিনি আরো বলেন, তদন্ত কর্মকর্তারা বিকাল ৩টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছেন এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার ত্যাগ করেন।
রোববার সকালে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), ঢাকা কেন্দ্রীয় কারাগার- ২ থেকে বোমা মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদকে (৩৫) প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ আদালতে পাঠানো হচ্ছিল।
সকাল ১০টার দিকে পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এক পুলিশকে হত্যা করে ওই তিন আসামিকে ছিনিয়ে নেয়া হয়।
রোববার দুপুরেই টাঙ্গাইলে স্থানীয় জনতার সহায়তায় রাকিবুলকে আটক করে পুলিশ। গভীর রাতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।
