২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বন বিভাগের জমি থেকে শিপ ইয়ার্ড উচ্ছেদ শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্য সোনাইছড়িতে উপকূলীয় বন ধ্বংস করে গড়ে তোলা দুটি শিপ ইয়ার্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার দুপুরে এস কে স্টিল এবং এস কে শিপ ব্রেকার নামের শিপ ইয়ার্ড দুটি উচ্ছেদ করতে অভিযান শুরু হয় বলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন জানান।

আবদুল্লাহ আল মামুন বলেন, “উপকূলীয় বনের জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠান দুটি গড়ে তোলা হয়। বন বিভাগের মামলার প্রেক্ষিতে আপিল বিভাগ অবৈধ দখল উচ্ছেদের আদেশ দিয়েছিল।

উচ্ছেদ শেষ করতে দুই-একদিন সময় লাগতে পারে বলে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম জানান।

মো. নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি উপকূলীয় বন বিভাগের সাড়ে ১৪ একর জমিতে শিপ ইয়ার্ড দুটি গড়ে তোলেন। এর মধ্যে ৬ একর জমিতে ছোটবড় বিভিন্ন স্থাপনা রয়েছে।

মনিরুল ইসলাম জানান, ২০০৯ সালে শিপইয়ার্ড দুটি নির্মাণের সময় বনের ২৫ হাজার গাছ কেটে ফেলা হয়। ওই ঘটনায় বন বিভাগ মামলা করলে শিপ ইয়ার্ডের মালিকপক্ষ হাই কোর্টে যায়।

“হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে একটি দ্বিতল, একটি ত্রিতল ও বেশ কয়েকটি ছোট ছোট স্থাপনা গড়ে তোলেন।”

গত বছরের ৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শিপইয়ার্ড দুটি উচ্ছেদ করে সেখানে গাছ লাগানোর নির্দেশ দেন।

সর্বশেষ গত ৩০ জানুয়ারি শিপইয়ার্ড দুটি ২৭ ফেব্রুয়ারির মধ্যে উচ্ছেদ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

মনিরুল ইসলাম বলেন, উদ্ধার করা জমিতে সোমবারই নতুন করে কিছু গাছ লাগানো হয়েছে। আরো গাছ লাগানো হবে।

“আদালতের নির্দেশ অনুসারে জেলা প্রশাসন বনায়নের জন্য ক্ষতিপূরণের প্রায় ২৬ লাখ টাকা আসামির কাছ থেকে আদায় করে বন বিভাগকে বুঝিয়ে দেবে।”

এবিষয়ে জানতে শিপ ইয়ার্ডের মালিক নাজিম উদ্দিনের মোবাইল নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।