২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করে ক্ষতিপূরণ দাবি

নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করে ক্ষতিপূরণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সাভারে রানা প্লাজা ধসে হতাহত ও নিখোঁজদের স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

সোমবার দুপুরে ধসে পড়া রানা প্লাজার সামনে ‘বাংলাদেশ গামের্ন্টস সংহতি’র ব্যানারে এ সমাবেশ থেকে আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনেরও দাবি জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আমিনুল ইসলাম, দীপক রায়, জুলহাস নাইনসহ রানা প্লাজায় নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধসের পর বিভিন্ন মহল হতাহত শ্রমিকদের নানারকম আশ্বাস দেয়ার দশ মাস পেরিয়ে গেলেও তা কার্য্যকর হয়নি। এমনকি সরকার ও বিজিএমইএ’র পক্ষ থেকেও ক্ষতিপূরণের বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে শ্রমিকদের অবহেলার চোখে দেখছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

অবিলম্বে নিখোঁজ শ্রমিকদের মৃত ঘোষণা করে তাদের সঠিক তালিকা প্রকাশসহ হতাহত সব শ্রমিকের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে রানা প্লাজার সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সাভার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারের সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, রানা প্লাজার কিছু শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।