জঙ্গি ছিনতাই: ২ মামলায় ৬ জনের নাম
প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ মেরে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় দণ্ডপ্রাপ্ত তিন জেএমবি সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল থানার এসআই মোখলেছুর রহমান রোববার রাত ২টার দিকে মামলাগুলো দায়ের করেন।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় বিস্ফোরক আইনে ও পুলিশ হত্যার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।
প্রিজন ভ্যান থেকে পালানো তিন জঙ্গি সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) ও মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানসহ (৩৫) ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে এসব মামলায়।
এজাহারে নাম থাকা বাকি তিন আসামি হলেন- সখীপুর থেকে আটক মাইক্রোবাস চালক জাকারিয়া (২৯), মির্জাপুর থেকে আটক রাসেল (৩২) ও তাওহিদ।
রোবাবর সকাল ১০টার দিকে ময়মনসিংয়ের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শুরা সদস্য রাকিব, সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়।
এই তিনজনের মধ্যে প্রথম দুইজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত। আর মিজান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
ওই হামলায় প্রিজন ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আতিকুল ইসলাম (৩০) নিহত হন, আহত হন আরো দুইজন পুলিশ সদস্য।
ত্রিশাল থেকে আসামি ছিনতাই করে পালানোর সময় টাঙ্গাইলের সখিপুরে একটি কালো রঙের মাইক্রোবাস দুর্ঘটনায় পড়লে ওই গাড়ির চালক মো. জাকারিয়াকে (২৮) আটক করে পুলিশ। তার কাছে পাওয়া যায় একটি পিস্তল, গুলি ও ছয়টি ককটেল। পরে জানা যায়, ওই গাড়িতে করেই জঙ্গিরা পালাচ্ছিল।
এরপর দুপুরে মির্জাপুরের তক্তারচালা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রায়হান ওরফে রাসেলে এবং জঙ্গি রাকিবুলকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
পুলিশের চোখকে ফাঁকি দেয়ার জন্য দাড়ি কামিয়ে ফেললেও তার গলা, হাতে ও পায়ে ডাণ্ডাবেরির দাগ দেখে পুলিশ তাকে সনাক্ত করে।
রোববার রাতে ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের পাশে পাওয়া যায় আসামি ছিনতাইয়ে ব্যবহৃত আরেকটি মাইক্রোবাস, যার ভেতরে কাটা ডান্ডাবেড়ি ও হাতকড়া, কাটার যন্ত্র ও কালো পোশাক পাওয়া যায় বলে ত্রিশালের ওসি জানান।
তিনি জানান, দুপুর থেকেই ওই গাড়িটি সেখানে দাঁড় করানো দেখে রাতে পুলিশে খবর দেয় হল কর্তৃপক্ষ। গাড়ির ভেতরে পিকনিক লেখা একটি ব্যানারও ছিল।
