২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ শ্রমিককে না পেলে সোনামসজিদে ধর্মঘট

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ‘নিখোঁজ’ শ্রমিকের সন্ধান না পেলে ধর্মঘটের হুমকি দিয়েছে বন্দর শ্রমিকরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 07:42 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার‌্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবারের মধ্যে সন্ধান না পেলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম।

বক্তব্যে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে র‌্যাব সদস্যরা পানামা পোর্ট লিংক লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার মফিজ উদ্দিন মফি, খলিল, রয়েল, নাসির ও শুকুর আলীকে আটক করে।

পরে খলিল, রয়েল, নাসির ও শুকুর আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেয়া হয়, কিন্তু মফিজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তবে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. হামিদ জানান, মফিজ নামে কাউকে ওইদিন তারা আটক করেননি।

সোমবারের মধ্যে মফিজের সন্ধান না পেলে বন্দরে অনির্দিষ্টকালের ধর্মগট শুরু হবে বলে জানান তরিকুল ইসলাম।

মদপানের সময় চারজনকে আটক করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয় বলে তিনি জানান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন, মফিজের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পুলিশের ওপর হামলাসহ ৫টি মামলা রয়েছে।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় একটি জিডি করেছেন মফিজের স্ত্রী লাইলী বেগম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মফিজের মা হাবিবা বেগম, ভাই হাফিজ উদ্দিন, স্ত্রী লাইলী বেগম ও তাদের তিন ছেলেসহ সোনামসজিদ স্থলবন্দরের শ্রমিকরা।